একজন অকালের বাউল। যার মন চায় বাউল হতে কিন্তু পারেনা। তাই সে মনে মনে বাউল। বাউলের ছায়ার ভিতর নিজেরে রেখে, পাখীর উড়ার ভঙ্গি করে কোথায় যায় কিংবা কোথাও যেতে চায় বলে নিজের আঙিনায় ঘুরতে থাকে।
যে সদাই তার কোন গল্প থাকেনা কিংবা সে কোন গল্পে থাকতে চায় না, তাই সে অনেকের মধ্যে থেকেও একা। চারদিক নির্জন করে বসে থাকে সে নিজের ভিতর।
কল্পকান্ত সদাই’র জন্ম নাই, মৃত্যু্ও নাই।
“কল্পকান্ত সদাই ভাবে প্রেমের কী রুপ হয়
প্রেমের ভাবে ডুবতে রাজি, ডুবতে বড় ভয়”
কল্পকান্ত সদাই'র হাতে আর কত সময় আছে তা জানা নাই, তাই কল্পকান্ত দ্বারা প্রণীত সকল গান প্রকাশ করা হলো। এখান থেকে যে কেউ লেখা নিয়ে কথা ঠিক রেখে নতুন সুরে গাইতে পারবে অথবা যদি কেউ সুরের ধারণা নিতে চায় যোগাযোগ করলেই হবে।
আনন্দে বাঁচো।
- কল্পকান্ত সদাই
বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬
আমি কেমন করে বেঁচে আছি
আমি কেমন করে বেঁচে আছি
কেউতো জানলোনা
পরাণ পাখি পরাণ ধইরা
আরতো ডাকলোনা-
বৈশাখ গেল জৈষ্ঠ্য আইলো
গাছে নানান ফল
আষাঢ়ে শ্রাবণে নামে
নদী ভরা ঢল
কত নৌকা আইলো গেলো
কেউতো নামলোনা-
ভাদ্রেতে রোদ, আশ্বিনে হয়
সাদা মেঘের খেলা
কার্তিকে ফুটেরে কাঁশ
আগনে কৃষাণ মেলা
কত মানুষ আইলো গেলো
সেতো আইলোনা-
পৌষে মাঘে নামে রে শীত
ফাগুনে ফুটে ফুল
কার লাগি যে গাঁথি মালা
চৈতে করতে ভুল
কত মালা শুকাই গেলো
বন্ধুয় নিলোনা-
ওল্ডহাম
২৭/০৪/২০১৬
শুক্রবার, ১৫ এপ্রিল, ২০১৬
পিরিতি করিয়া গেলাম গো হারাইয়া
পিরিতি করিয়া গেলাম গো হারাইয়া
মন চাইলে আইও ফুল বাগিছায়
মনে যত কথা, খুইলা কইবো সবই তা
বেলা যে কেটে যাবে ভাবনায়
ফুলে ফুলে রাঙিয়া, ডাল থাকে সাঁজিয়া
বাতাসে সুরে সুরে গান গায়
আসিলে ফাগুন, ভ্রমরায় গুন গুন
আগুন জ্বালাইয়া দেয় অন্তরায়
নিঠুর কাঠুরিয়া কাটে কাঠ গুনিয়া
পাখি কাঁদে হারানোর যাতনায়
কল্পকান্ত সহেনা প্রেমিকের বেদনা
পেয়ে ও সে আর না পায়
ওল্ডহাম
১৫/০৪/২০১৬
বুধবার, ২৩ মার্চ, ২০১৬
বন্ধু যদি যায় গো ভুলে দেখিনা আর নয়নে
বন্ধু যদি যায় গো ভুলে দেখিনা আর নয়নে
ঘুমাইলে দেখমুনি তারে স্বপনে।।
বন্ধু আমার ছিল যে জন
হৃদয়ে করিয়া আপন
ভালবাসিতাম তারে গোপনে
বালিশ বানাইয়া গো সিথানে।।
সুর করিয়া বাঁজাই বাঁশি
মনে লয় শুনি বন্ধুর হাসি
ভাবিতে পারিনা বন্ধু বিনে
কেমনে আগলাইয়া রাখি যতনে।।
তারউ লাগি অন্তর পুড়ে
ভাবে যদি একবার মোরে
সুখি ভাবিতাম নিজে মরণে
কল্পকান্তর কথা এক জবানে।।
ওল্ডহাম,
২৩.০৩.২০১৬
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)