একজন অকালের বাউল। যার মন চায় বাউল হতে কিন্তু পারেনা। তাই সে মনে মনে বাউল। বাউলের ছায়ার ভিতর নিজেরে রেখে, পাখীর উড়ার ভঙ্গি করে কোথায় যায় কিংবা কোথাও যেতে চায় বলে নিজের আঙিনায় ঘুরতে থাকে।

যে সদাই তার কোন গল্প থাকেনা কিংবা সে কোন গল্পে থাকতে চায় না, তাই সে অনেকের মধ্যে থেকেও একা। চারদিক নির্জন করে বসে থাকে সে নিজের ভিতর।


কল্পকান্ত সদাই’র জন্ম নাই, মৃত্যু্‌ও নাই।


“কল্পকান্ত সদাই ভাবে প্রেমের কী রুপ হয়
প্রেমের ভাবে ডুবতে রাজি, ডুবতে বড় ভয়”



কল্পকান্ত সদাই'র হাতে আর কত সময় আছে তা জানা নাই, তাই কল্পকান্ত দ্বারা প্রণীত সকল গান প্রকাশ করা হলো। এখান থেকে যে কেউ লেখা নিয়ে কথা ঠিক রেখে নতুন সুরে গাইতে পারবে অথবা যদি কেউ সুরের ধারণা নিতে চায় যোগাযোগ করলেই হবে।

আনন্দে বাঁচো।

- কল্পকান্ত সদাই

রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭

দেয়াল বলে কথা


দেয়াল বলে কথা
বন্ধু দেয়াল বলে কথা
কান পেতে শোন বন্ধু, তার বুকে জমা ব্যথা


সারা রাতি বৃষ্টি ঝরে
শ্যাওলা জমে বুকের 'পরেও
এক পায়ে দাড়ায়ে থাকে, মুখে নাই যে কথা


ফুটে ফুল দেয়াল জুড়ে
মালি নাইরে তার ঘরেও
দেয়াল যেদিন আছড়ে পড়ে, মুছে সব ইতিকথা


কল্পকান্ত সদাইর মনে
ভাঙা দেয়াল আটকে পড়েও
মধুর সুরে কাছে ডাকে, নির্বাক যত কথা





১৯/১১/১৭
সুইন্টন

বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭

লোকের কথায় কী আসে যায়


লোকের কথায় কী আসে যায়
লোকে ও তো প্রেম করে
প্রেমের মানুষ প্রেম কী তা জানে


বৃক্ষ যেমন পাতায় পাতায় সেঁজে গুজে রয়
দিলের পাতায় লাগলে হাওয়া প্রেমের নৌকা বয়


নদীর জলে পাড় ভাঙানো উতাল পাতাল ঢেউ
লোহা কাঠে পিরিত হলে আর ডুবেনারে কেউ


কল্পকান্ত সদাই ভাবে প্রেমের কী রুপ হয়
প্রেমের ভাবে ডুবতে রাজি, ডুবতে বড় ভয়






ওল্ডহাম
১৮/১০/২০১৭

রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭

রঙের রঙিলা বারই লাগাইছ কোন খেলা


রঙের রঙিলা বারই লাগাইছ কোন খেলা
ফান্দে পড়িলা সদাই আইয়া ভবর মেলা


আয়নাতে যে রুপ দেখিলায় হইয়া গো মশগুল
বিনা ভাবে করলায় পিরিত দিয়া তারে ফুল
রুপে মঁজে, প্রেমে মঁজে গেল সদাইর বেলা


ডুব সাঁতারো নামলা সদাই খেলতা প্রেমর লাই
অকূল জলে কান্দইন ডুবে বন্ধুরে না পাই
বন্ধু যে জন, থাকইন দূরে বাড়ে প্রেম হেলা


কল্পকান্ত সদাই মাতইন বন্ধুরে মনো লইয়া
বন্ধুয়ায় সাঁজাইন বাসর সদাইরে একলা থইয়া
বন্ধুর প্রেমে উজান টানে সদাই ভাসাইন ভেলা




২৪/০১/২০১৬ - ১৭/০৯/২০১৭
ওল্ডহাম - সুইন্টন