একজন অকালের বাউল। যার মন চায় বাউল হতে কিন্তু পারেনা। তাই সে মনে মনে বাউল। বাউলের ছায়ার ভিতর নিজেরে রেখে, পাখীর উড়ার ভঙ্গি করে কোথায় যায় কিংবা কোথাও যেতে চায় বলে নিজের আঙিনায় ঘুরতে থাকে।

যে সদাই তার কোন গল্প থাকেনা কিংবা সে কোন গল্পে থাকতে চায় না, তাই সে অনেকের মধ্যে থেকেও একা। চারদিক নির্জন করে বসে থাকে সে নিজের ভিতর।


কল্পকান্ত সদাই’র জন্ম নাই, মৃত্যু্‌ও নাই।


“কল্পকান্ত সদাই ভাবে প্রেমের কী রুপ হয়
প্রেমের ভাবে ডুবতে রাজি, ডুবতে বড় ভয়”



কল্পকান্ত সদাই'র হাতে আর কত সময় আছে তা জানা নাই, তাই কল্পকান্ত দ্বারা প্রণীত সকল গান প্রকাশ করা হলো। এখান থেকে যে কেউ লেখা নিয়ে কথা ঠিক রেখে নতুন সুরে গাইতে পারবে অথবা যদি কেউ সুরের ধারণা নিতে চায় যোগাযোগ করলেই হবে।

আনন্দে বাঁচো।

- কল্পকান্ত সদাই

রবিবার, ১০ জানুয়ারি, ২০২১

কলসি যায় ভেসে জলে



কলসি যায় ভেসে জলে
তারে ধরতে যেওনা
প্রেম নদীতে ডুবতে সখি রয়েছে মানা।।


যে নেমেছে একবার, না জানিয়া সাঁতার
ডুবিয়া মরিলো- তার হইলো বেদনা।।


প্রেমতো খেলা নয়, করবে যে অভিনয়
হারালে বুঝিবে তার- কী ছিল বাসনা।।


কল্পকান্ত সদাই যে, প্রেমের কথা না বুঝে
ডুবিয়া মরিলো- তার বাড়লো যাতনা।।




১০/০১/২১
সুইন্টন

শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

এমন জগতে আমি বাঁধিলাম এ ঘর

এমন জগতে আমি বাঁধিলাম এ ঘর
বুঝিতে পারিনা দয়াল কে আপন, কে পর

দেখা হলো পথে, যারও সাথে
দু'টি কথা বলে, ভালবেসে ফেলে।।
তবুও সে যায় ছেড়ে আসিলে ঝড়

এই যে মমতা, যত গোপন কথা
ফুরায়ে যায় সবই, থাকেনা কিছুই।।
নদী মারা গেলে তবু জাগে চর

সুন্দর এ পৃথিবীর, আছে মন গভীর
ভালবেসে রাখে, হারালো সে যাকে।।
দিন ফুরায়ে যায় সদাই কল্পকান্তর





১৯/১২/২০
সুইন্টন

সোমবার, ২ নভেম্বর, ২০২০

প্রাণানাথ বন্ধুরে, তুমি থাক কেন দূরে


প্রাণানাথ বন্ধুরে, কেন তুমি থাক দূরে
এসো এসো রাঙা চরণে আমার এই বাসরে।।


ফুলের ঢালি, ফুলের মালা, হয়েছে বিষম জ্বালা।।
হৃদয় হয়েছে কয়লা, সেই প্রেমাগুনে পুড়ে


নদীর জল, করে টলমল, আমায় করছে অতল।।
হারিয়েছি এই মনোবল, কামনারই তুড়ে


যে ছলে, যাব ভুলে, তবুও সে রবে দিলে।।
কল্পকান্ত সদাই বলে রাখিব অনতরে





০২/১১/২০
সুইন্টন