একজন অকালের বাউল। যার মন চায় বাউল হতে কিন্তু পারেনা। তাই সে মনে মনে বাউল। বাউলের ছায়ার ভিতর নিজেরে রেখে, পাখীর উড়ার ভঙ্গি করে কোথায় যায় কিংবা কোথাও যেতে চায় বলে নিজের আঙিনায় ঘুরতে থাকে।

যে সদাই তার কোন গল্প থাকেনা কিংবা সে কোন গল্পে থাকতে চায় না, তাই সে অনেকের মধ্যে থেকেও একা। চারদিক নির্জন করে বসে থাকে সে নিজের ভিতর।


কল্পকান্ত সদাই’র জন্ম নাই, মৃত্যু্‌ও নাই।


“কল্পকান্ত সদাই ভাবে প্রেমের কী রুপ হয়
প্রেমের ভাবে ডুবতে রাজি, ডুবতে বড় ভয়”



কল্পকান্ত সদাই'র হাতে আর কত সময় আছে তা জানা নাই, তাই কল্পকান্ত দ্বারা প্রণীত সকল গান প্রকাশ করা হলো। এখান থেকে যে কেউ লেখা নিয়ে কথা ঠিক রেখে নতুন সুরে গাইতে পারবে অথবা যদি কেউ সুরের ধারণা নিতে চায় যোগাযোগ করলেই হবে।

আনন্দে বাঁচো।

- কল্পকান্ত সদাই

সোমবার, ৫ মার্চ, ২০১৮

আমি ডুব দিলামরে



আমি ডুব দিলামরে
তার প্রেম সাগরে
অকুলে ডুব দিয়া দেখি সে থাকে দূরে


তার মনের বেদনা
আমার জানা হলোনা
চোখের জলে নদী বয়- ঝরণা ঝরে রে


আমার মনের অসুখ
দারুণ বেদনা থাকুক
বুকের ভিতর বরফ জমে- নড়ে না রে


কল্পকান্তর মন
যারে করিল পোষণ
উড়াল দিয়া যায় সে যে- ফিরে না রে




০৫/০৩/১৮
সুইন্টন

সোমবার, ১ জানুয়ারি, ২০১৮

আমার সোনামন পাখি


আমার সোনামন পাখি
দিবেরে ফাঁকি
পিন্জিরা রইবে পড়ে মাটিরও উপর


যেদিন পাখি যায়
মনটারে পোড়ায়
উড়াল পাখি উড়ালেতে বাঁধে প্রেমের ঘর


পাখির উড়ালেতে সুখ
তার পাষাণ হিয়া বুক
কার সাথে পিরিতি আর কারে দেয় আদর


তবু কল্পকান্তর মন
ভাবে সারাক্ষণ
প্রেমেতে মন মঁজাইয়া সাঁজাইবে বাসর




০১/০১/১৮
সুইন্টন

রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭

দেয়াল বলে কথা


দেয়াল বলে কথা
বন্ধু দেয়াল বলে কথা
কান পেতে শোন বন্ধু, তার বুকে জমা ব্যথা


সারা রাতি বৃষ্টি ঝরে
শ্যাওলা জমে বুকের 'পরেও
এক পায়ে দাড়ায়ে থাকে, মুখে নাই যে কথা


ফুটে ফুল দেয়াল জুড়ে
মালি নাইরে তার ঘরেও
দেয়াল যেদিন আছড়ে পড়ে, মুছে সব ইতিকথা


কল্পকান্ত সদাইর মনে
ভাঙা দেয়াল আটকে পড়েও
মধুর সুরে কাছে ডাকে, নির্বাক যত কথা





১৯/১১/১৭
সুইন্টন